ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত তেহরান হরমুজ প্রণালি পুনরায় খুলবে না। তিনি দাবি করেন, ইরানের সমন্বয় ও অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না। যুক্তরাষ্ট্রের কোন প্রতিশ্রুতি স্থগিত রয়েছে বা কী পদক্ষেপ প্রয়োজন, তা তিনি নির্দিষ্ট করেননি।
গারিবাবাদি জানান, জাহাজ চলাচল বিষয়ে ওমানের সঙ্গে ইরানের একটি সমঝোতা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র তার দায়িত্ব পালন না করা পর্যন্ত ওই সমঝোতা বাস্তবায়ন করা হবে না। ওয়াশিংটন প্রয়োজনীয় পদক্ষেপ নিলে হরমুজ প্রণালি নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে ইরান প্রস্তুত বলেও তিনি জানান।
ইরানি কর্মকর্তা বলেন, সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞা তেহরানের জন্য নতুন নয় এবং তা মোকাবিলায় ইরান প্রস্তুত। তার অভিযোগ, গত ১৬ মাসে যুক্তরাষ্ট্র তৃতীয়বারের মতো কূটনৈতিক সমঝোতা থেকে সরে গেছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করছে দুই দেশ। হরমুজ খোলার ক্ষেত্রে ইরান আগে কোনো উদ্যোগ নেবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।