জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ এমন পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে কোনো সভ্য মানুষ নির্বাচনে আসত না। তাঁর মতে, যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও ভালো মানুষেরা নির্বাচনে দাঁড়ানোর সাহস পেতেন না। অর্থ, বিত্ত-বৈভব ও জনপ্রিয়তা থাকা সত্ত্বেও অযোগ্য, অসৎ এবং সমাজের নিকৃষ্ট মানুষের দাপটের কারণে তারা নির্বাচন করতে পারতেন না।
তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া জরুরি, কারণ গত ১৭ বছরে মানুষ কোনো সুষ্ঠু নির্বাচন দেখেনি। নির্বাচন কমিশনকে এমন পদ্ধতি বেছে নেওয়ার আহ্বান জানান তিনি, যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বাইরে অন্য কিছুর সুযোগ না থাকে। ভোলার গ্যাস ভোলার উন্নয়নে ব্যবহারের সুযোগ দিতে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলারও আহ্বান জানান তিনি।