আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে ঢাকাসহ আশপাশের তিন জেলায় ৩৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। বিজিবির ৫ ব্যাটালিয়নের সদস্যরা বৃহস্পতিবার থেকে দায়িত্ব পালন শুরু করবেন। বুধবার রাজধানীর পিলখানায় ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে। রাজধানীর প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে। গুরুত্বপূর্ণ স্থানে কে-৯ ডগ স্কোয়াড, র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনি দায়িত্বে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি ও আধুনিক সিগন্যাল সরঞ্জাম ব্যবহার করা হবে।
বিজিবি জানিয়েছে, নির্বাচন কমিশনের কোনো নিষেধাজ্ঞা না থাকায় প্রয়োজনে ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যবস্থা নেওয়া হবে।