জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, একটি মানবিক বাংলাদেশে সাংবাদিকরা সত্যনির্ভর সাংবাদিকতা করার সুযোগ পাবেন এবং অন্যায় হয়রানি বা ক্ষতির ঝুঁকিতে থাকবেন না। শুক্রবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জেলা ও মহানগর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুবায়ের বলেন, দেশের সাংবাদিক অঙ্গনে বহু চ্যালেঞ্জ রয়েছে এবং নির্ভীক সাংবাদিকরা অনেক ক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়েন। তাঁর ভাষ্য, ফ্যাসিবাদের বিদায় ঘটলেও অনেকে ভিন্ন রূপে রয়ে গেছেন। তিনি আরও অভিযোগ করেন, কায়েমি ও ফ্যাসিবাদী শক্তি দেশের ব্যাংকিং খাত ও মিডিয়াকে ধ্বংস করেছে এবং তারা জামায়াতের বিরুদ্ধে সক্রিয় রয়েছে।
যেকোনো ঘটনার তাৎক্ষণিক ও সঠিক তথ্য সাংবাদিকদের কাছে পৌঁছে দিয়ে সত্য তুলে ধরতে দলের দায়িত্বশীলদের আহ্বান জানান তিনি। জুবায়ের বলেন, এসব শক্তি ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেক মিডিয়ার দখল নিয়ে সরকারকে সাময়িক সুবিধা দিলেও পরে উল্টো ছোবল দিতে পারে। কর্মশালায় বিভিন্ন সাংবাদিক ও দলীয় ব্যক্তিত্ব আলোচনা করেন এবং বিভিন্ন জেলা ও মহানগরের দায়িত্বশীলরা অংশ নেন।