ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানিয়েছেন, দুদকের বর্তমান অচলাবস্থা দূর করতে পুনর্গঠন বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী ২০২৮ সালে বাংলাদেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন আয়োজনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি দেন।
ড. ইফতেখারুজ্জামান জানান, আলোচনায় দুটি মূল বিষয় ছিল—সরকারের নির্বাচনি ইশতেহার ও সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন। এসব বিষয়ে টিআইবি সরকারের কাছে কিছু সুপারিশ ও নথি উপস্থাপন করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী টিআইবির পরামর্শগুলো ইতিবাচকভাবে শুনেছেন এবং প্রায় সব বিষয়ে একমত হয়েছেন।
দুই বছর পরপর অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন চলতি বছর ডোমিনিকান প্রজাতন্ত্রে হবে। বাংলাদেশে ২০২৮ সালে সম্মেলনটি হলে এটি এশিয়ায় চতুর্থ আয়োজন হবে।