বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইকুইটি এবং আনরিয়েলাইজড লস সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে। মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বরের বিদ্যমান নেগেটিভ ইকুইটির ভিত্তিতে ২০২৭ সাল থেকে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ প্রভিশন রাখতে হবে এবং ২০৩০ সালের মধ্যে পুরো নেগেটিভ ইকুইটি সমন্বয় করতে হবে। ২০২৬ সালে নতুন নেগেটিভ ইকুইটি সৃষ্টি হলে সেটি ওই বছরেই সমন্বয় করতে হবে। সমন্বয়কালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না।
নেগেটিভ ইকুইটিযুক্ত বিও হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থে এ ক্যাটাগরির শেয়ার কেনা যাবে, তবে নতুন মার্জিন ঋণ ও ব্লক মার্কেটে লেনদেন নিষিদ্ধ থাকবে। বিএসইসি আইপিও আবেদনে সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্তও নিয়েছে। এছাড়া সব বন্ড মূল বোর্ডে লেনদেনের জন্য ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তালিকাভুক্তি বা স্থানান্তর কার্যক্রম সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।