জামায়াতে ইসলামী দেশের আটটি এলাকায় নির্বাচনি সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে। শুক্রবার সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সরকার ও নির্বাচন কমিশনকে আচরণবিধি মেনে চলা এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
জুবায়ের বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিবরণ দেন। তিনি নরসিংদী-৪ আসনে এক সহকারী রিটার্নিং অফিসারের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ, গাজীপুর-৫ আসনে জামায়াত ও মিত্র দলের কর্মীদের ভয়ভীতি প্রদর্শন, এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ধরেন। এছাড়া হবিগঞ্জ, ঝিনাইদহ, ফরিদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় প্রচারসামগ্রী পুড়িয়ে দেওয়া, বাধা ও হামলার ঘটনাও উল্লেখ করেন।
পোস্টাল ভোট প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসী ভোটারদের কাছে এখনো অনেক জায়গায় ব্যালট পৌঁছেনি। ২৫ জানুয়ারি ভোটের শেষ সময়সীমা বাড়ানোর দাবি জানান তিনি।