বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, তার দল ক্ষমতায় এলে নতুন প্রশাসনিক বিভাগ কুমিল্লা নামেই গঠিত হবে। রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, কুমিল্লা অঞ্চলে কৃষি উন্নয়নের জন্য খাল খনন প্রকল্প হাতে নেওয়া হবে এবং স্থানীয় জনগণকে এতে সম্পৃক্ত করা হবে।
তারেক রহমান তার বক্তব্যে বিএনপির অতীত শাসনকাল তুলে ধরে বলেন, তখন নারীদের শিক্ষা বিনামূল্যে করা হয়েছিল এবং কৃষকদের ঋণের সুদ মওকুফ করা হয়েছিল। তিনি আরও বলেন, বিএনপির ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে সমালোচনা হলেও দল জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাবে। তিনি উপস্থিত জনতাকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং জনগণের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
সভায় বিএনপির উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন, মনিরুল হক চৌধুরী, জাকারিয়া তাহের সুমন, আশিকুর রহমান ওয়াসিম, উৎবাতুল বারী আবু ও ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।