Web Analytics
ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ অনুসরণের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক ডায়াবেটিস রোগীর মৃত্যুর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের হেলথ রেভল্যুশন লিমিটেডের বিরুদ্ধে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢামেক হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের আবেদনের পর বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর কমিটি গঠন করা হয়। শনিবার, ৫ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগ এর আগে হেলথ রেভল্যুশন লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ দেয়। অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, রোগীর মৃত্যুর অভিযোগ আমলে নিয়ে ঘটনাটি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক, হাসপাতাল-১, ডা. মো. মাহমুদুর রহমান সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। অভিযোগের বিষয়ে সুস্পষ্ট মতামতসহ ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।