হুথি হামলার নিন্দায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মত প্রস্তাব পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকার। তবে হুথি আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করায় নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছে তারা। বৃহস্পতিবার প্রস্তাবটি পাস হয় এবং ইয়েমেন সংঘাত-সংশ্লিষ্ট আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।
জাতিসংঘে ইয়েমেনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-সাদি বলেন, হুথিরা সামরিক অভিযান জোরদার করছে। তাঁর মতে, তারা লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি বলেন, এমন সংকটময় সময়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি এসেছে।
ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাতে আল-সাদি বলেন, বিষয়গুলোকে যথাযথ নামে অভিহিত করতে এবং হুথি মিলিশিয়াদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বর্ণনা করতে না পারায় সরকার দুঃখিত। প্রস্তাবে হুথিদের হামলার নিন্দা জানানো হয়েছে এবং সংঘাত-সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলো বহাল রাখার ব্যবস্থা করা হয়েছে।