গুলশান থানার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কঠোর নিরাপত্তার মধ্যে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং বিকেল ৩টার দিকে এজলাসে তোলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মো. আশরাফুল হাসান তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, মামলাটি তদন্তাধীন এবং বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা এবং অর্থপাচারের সত্যতা নিরূপণে আসামিকে পুলিশ হেফাজতে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ দরকার।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চাইলেও রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে তিন দিনের রিমান্ড দাবি করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড দেন। সোমবার, ১৯ অক্টোবর সন্ধ্যায় ডিবি পুলিশ তাকে বনানী থেকে গ্রেপ্তার করে। এজাহার অনুযায়ী, ২০০৬ থেকে ২০২৪ সালের মধ্যে বৈধ কাগজপত্র ছাড়া স্থানীয় বাজার থেকে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকার সোনা ও হীরা সংগ্রহের অভিযোগ রয়েছে।