বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনার প্রস্তাব উঠেছে। ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও নিউজিল্যান্ডের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মন্ত্রী টড ম্যাকক্লের মধ্যে বৈঠকে এ প্রস্তাব আসে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী নবনির্বাচিত সরকারের লক্ষ্য তুলে ধরে বলেন, বাংলাদেশ বৈশ্বিক ভ্যালু চেইনে আরও সক্রিয়ভাবে যুক্ত হতে চায় এবং ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে কাজ করছে। তিনি আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করে নিউজিল্যান্ডের সমর্থন কামনা করেন। টড ম্যাকক্লে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনার প্রশংসা করে আরসিইপিতে অন্তর্ভুক্তির জন্য সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠক শেষে উভয় পক্ষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার ও নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। টড ম্যাকক্লে চলতি বছরের মাঝামাঝি বাংলাদেশ সফরের আগ্রহও প্রকাশ করেন।