বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই গণহত্যার আসামি আওয়ামী লীগ নেতাদের জামিন ও নিষিদ্ধ দলের অফিস পুনরায় খোলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব পদক্ষেপকে গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলে উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট হাসিনা সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছিল। জামায়াত অভিযোগ করে, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সাবেক এমপি আবদুর রহমান বদি সহ অনেককে জামিন দেওয়া হয়েছে, যা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। দলটি আশঙ্কা প্রকাশ করে যে, এসব জামিনপ্রাপ্তরা পুনরায় সহিংসতায় জড়িয়ে পড়তে পারে।
জামায়াত অবিলম্বে এসব জামিন বাতিল ও নিষিদ্ধ আওয়ামী লীগ অফিস খোলার ঘটনার তদন্ত দাবি করেছে। দলটি সতর্ক করে বলেছে, সরকার ব্যবস্থা না নিলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।