ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। রোববার দক্ষিণ সৌদি আরবে ব্যাপক হুথি হামলার পর কয়েকটি শহরে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, তারা অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। খামিস মুশাইতে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আবহা, তাইফ, নামাস ও জাজানেও সতর্কতা জারি হয়। রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর সীমিত পরিসরে চালুর প্রস্তুতির মধ্যেই এ হামলা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনে নতুন সংঘাত, সৌদি সামরিক তৎপরতা এবং বিমানবন্দর, সমুদ্রবন্দর ও দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিরোধ হামলা বৃদ্ধির কারণ। বিশ্লেষকদের মতে, সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে চায় হুথিরা। তারা সানা ও উত্তরাঞ্চলে নিয়ন্ত্রণ ধরে রাখা, ভবিষ্যৎ সরকারে প্রভাব বিস্তার এবং নিয়ন্ত্রিত এলাকার ওপর বিধিনিষেধ প্রত্যাহার চায়।
সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে পারলেও বিস্তীর্ণ ভূখণ্ডের সব স্থাপনা রক্ষা কঠিন। বাব আল-মান্দাব ও লোহিত সাগরপথ ঝুঁকিতে পড়লে জ্বালানি সরবরাহ, জাহাজভাড়া ও বিমা ব্যয় বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।