বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পারওয়ার স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত বেসরকারি স্কুলশিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান। ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গোলাম পারওয়ার।
তিনি নির্বাচন কমিশনের প্রণীত এমন বিধান বাতিল চেয়েছেন, যা এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করে। তার ভাষ্য, এই বিধান সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের লঙ্ঘন। বিধানটি বাতিল না হলে তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষক চাকরি করছেন।
জামায়াতের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে একজন কর্মকর্তার পদায়ন নিয়েও আপত্তি জানিয়েছে। গোলাম পারওয়ার বলেন, ওই কর্মকর্তা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। তাকে অপসারণের জন্য সরকারকে অবহিত করতে কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে।