চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে সোমবার রাতেও উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা ঘোষণা দেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ভবনের তালা খোলা হবে না। রাত আটটার দিকে গণমাধ্যমের সামনে শিক্ষার্থীরা বর্তমান উপাচার্যের পদত্যাগ এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, তারা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চান না এবং পদত্যাগের পর উপাচার্য নিরাপদে ভবন থেকে বের হতে পারবেন। তারা তাকে নিজ হাতে পদত্যাগপত্র লিখে তাদের কাছে জমা দেওয়া অথবা গণমাধ্যমের সামনে প্রকাশ্যে পদত্যাগের ঘোষণা দেওয়ার প্রস্তাব দেন। শিক্ষার্থীদের বহনকারী বাসে ভাঙচুর ও হামলার জন্য তারা উপাচার্যকে দায়ী করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, মদুনাঘাট ও চান্দগাঁও টার্মিনালে বাসে হামলার পর উপাচার্য বহিরাগত ক্যাডারদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এর আগে সোমবার সকালে তিনি ভবনের ফটকের তালা ভেঙে দপ্তরে প্রবেশ করলে শিক্ষার্থীরা ভবনের সামনে অবস্থান নেন এবং দুপুর ১২টার মধ্যে ভবন ছাড়ার সময়সীমা দেন। পরে তাকে ভেতরে রেখেই প্রধান ফটকে তালা ঝোলানো হয়। সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে আন্দোলন চলছে।