অপরিকল্পিত ব্রিজ-বাঁধ নির্মাণ এবং নদী ও জলাভূমি ভরাটে বাংলাদেশের পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে সতর্ক করেছেন বক্তারা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আয়োজনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে মঙ্গলবার, ১০ নভেম্বর তাঁরা এ কথা বলেন। ভূগর্ভ থেকে অব্যাহত পানি উত্তোলন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকেও ঝুঁকির কারণ হিসেবে উল্লেখ করা হয়।
বক্তারা বলেন, প্রাকৃতিক ভারসাম্যহীনতার কারণে নভেম্বরের মাঝামাঝিতেও তীব্র গরম অনুভূত হচ্ছে এবং খরা, বন্যা, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো দুর্যোগ বাড়ছে। পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান বলেন, জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। সঠিক তথ্য-উপাত্ত তুলে ধরে জনমত ও জনসচেতনতা গঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি বলেন।
ড. এ কে এম নুরুজ্জামান বলেন, বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত পানির ৯৩ শতাংশ ভারত থেকে আসে এবং দেশের নিজস্ব উৎস মাত্র ৭ শতাংশ। তাই পানি গ্রহণকারী দেশ হিসেবে বন্যার সঙ্গে বসবাসে অভ্যস্ত হতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি অপরিকল্পিত ব্রিজ ও বাঁধের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিয়ে সংশয় জানান। তাঁর মতে, সাম্প্রতিক দুর্যোগে সচেতনতার কারণে মৃত্যুহার কমলেও সম্পদের ক্ষয়ক্ষতি একইভাবে কমেনি।