ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলো আকাশ প্রতিরক্ষা জোরদারে তুরস্কের দিকে ঝুঁকছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানিগুলো পর্যাপ্ত অস্ত্র ও সরঞ্জাম সরবরাহে হিমশিম খাওয়ায় আরব রাষ্ট্রগুলো বিকল্প উৎস হিসেবে আঙ্কারার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে আমেরিকা ও ইসরাইলের ইরানবিরোধী হামলার পর তেহরানের পাল্টা আক্রমণে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরব নিরাপত্তা ঝুঁকিতে পড়ে।
আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এসব দেশ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ড্রোন হামলা ঠেকাতে চ্যালেঞ্জের মুখে পড়ে। এ অবস্থায় তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করছে তারা। কুয়েত তুরস্কের সঙ্গে একটি প্রোটোকল সই করেছে, যার আওতায় ‘বায়রাক্তার আকিনচি’ ড্রোন ও ‘হিসার’ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা রয়েছে। সৌদি আরব ও কাতারও তুরস্কের ‘করকুত ১০০/২৫’ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে চুক্তি করেছে।
সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ‘সাহা এক্সপো’ প্রতিরক্ষা প্রদর্শনীতে উপসাগরীয় দেশগুলোর ব্যাপক উপস্থিতি এই সহযোগিতার সম্প্রসারণকে আরও স্পষ্ট করেছে।