বুধবার সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হন। এর মধ্যে গুরুতর আহত ছয়জন—আবু তাহের, মো. সিরাজ, আবদুর রহিম, মো. সাকিব, মোতাহের হোসেন ও আবুল কাশেম—চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের শরীরের ২০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে এবং সবার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গ্যাস পাম্পের একটি ট্যাংক থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। কর্মচারীরা প্রথমে বালু ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও কিছুক্ষণ পর বিকট শব্দে আবার বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। গুরুতর আহত ছয়জনকে তাৎক্ষণিকভাবে চমেকে নেওয়া হয়।
এর আগে সোমবার চট্টগ্রামের হালিশহরে একটি ভবনে বিস্ফোরণে নয়জন দগ্ধ হন, যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং চারজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।