ডেঙ্গুর প্রকোপ থেকে জনগণকে রক্ষায় সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে বৈঠকে তিনি সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি এবং মোকাবিলার করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কারে মানুষকে আরও সচেতন করার নির্দেশ দেন। মশার প্রজননস্থল তৈরি রোধে জনসচেতনতা বাড়ানোর কথাও বলা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক, বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট কর্মীদের যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা হাসপাতালগুলোর চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় ওষুধ-সামগ্রী মজুদ রাখা এবং ভর্তি রোগীদের জন্য মশারি সরবরাহ নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্তগুলোর বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মাঠে এর প্রতিফলন থাকা চাই।’