প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিদেশগামী কর্মীদের সঠিক তথ্য, উন্নত সেবা ও প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে অভিবাসন প্রক্রিয়াকে আরও ডিজিটাল ও আধুনিক করা হচ্ছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রোববার জিসিএম বাস্তবায়নের ২০২৬-২০৩০ জাতীয় কর্মপরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, প্রবাসীদের স্বপ্ন নিয়ে যেন কেউ প্রতারণা করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পরিবর্তিত বিশ্ব শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ জনশক্তি গড়ে তুলে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার কথা বলেন তিনি। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন।
আরিফুল হক চৌধুরীর মতে, নতুন জাতীয় কর্মপরিকল্পনা দেশের অভিবাসন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও কার্যকর করতে সহায়ক হবে। জিসিএম চ্যাম্পিয়ন দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ কাজ করছে। কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়তার জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, আইওএম, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানান।