ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস লাভানকে কেরালার কোচি বন্দরে নোঙরের অনুমতি দিয়েছে ভারত। ২৮ ফেব্রুয়ারি ইরান প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়ে জাহাজটিকে দ্রুত বন্দরে প্রবেশের অনুমতি চেয়েছিল। ভারত ১ মার্চ সেই অনুরোধে সাড়া দিয়ে কোচি বন্দরে নোঙরের অনুমতি দেয়। বর্তমানে জাহাজটির ১৮৩ জন ক্রু কোচিতেই অবস্থান করছেন।
আইআরআইএস লাভান ভারতের বিশাখাপত্তমে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ২০২৬ যৌথ মহড়ায় অংশ নিতে এসেছিল। একই মহড়ায় অংশ নেওয়া ইরানের আরেক যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ৪ মার্চ ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায় বলে বিবিসি জানিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, দেনা জাহাজে হামলার কয়েকদিন আগে ইরান লাভানের প্রযুক্তিগত সমস্যার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছিল।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুদ্ধ পরিস্থিতির অবনতি বিবেচনায় ভারত সরকার দেনা জাহাজকেও আশ্রয়ের আমন্ত্রণ জানিয়েছিল, তবে ইরান সে আমন্ত্রণের জবাব দেয়নি।