শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একত্র করে গঠিত নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ সরকার পর্যালোচনা করবে। বুধবার দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অন্তর্বর্তী সরকারের সময়ে শিক্ষা আইন ও সাত কলেজ সংক্রান্ত সিদ্ধান্তগুলো তড়িঘড়ি করে নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, অধ্যাদেশটি পর্যালোচনায় আনা হয়েছে এবং এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। তিনি আরও জানান, সাত কলেজ নিয়ে গঠিত বিশ্ববিদ্যালয়টি তড়িঘড়ি করে প্রতিষ্ঠিত হয়েছে কি না, সেটিও পর্যালোচনা করা হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট ৯ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।