বাংলা একাডেমি জানিয়েছে, অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে। প্রকাশকদের ঈদুল ফিতরের পর মেলা আয়োজনের দাবিকে প্রতিষ্ঠানটি অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বইমেলা পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই তারিখ নির্ধারণ করা হয়েছে। রমজান মাসে মেলা চলবে বলে ন্যায্যমূল্যে ইফতার ও নামাজের বিশেষ ব্যবস্থার কথাও জানানো হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, রাষ্ট্রীয় অনুমোদন না পাওয়ায় এবার ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করা সম্ভব হয়নি। তিনি জানান, প্রস্তুতির প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। এর মধ্যে স্টল নির্মাণ, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চূড়ান্তকরণসহ বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত। গত বছরের তুলনায় স্টলভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে। ৫২৭টি পুরনো ও ২৪টি নতুন প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
অধ্যাপক আজম বলেন, এপ্রিল মাসের তাপপ্রবাহ ও ঝড়ঝঞ্ঝার কারণে ঈদের পর মেলা আয়োজন বাস্তবসম্মত নয়। তিনি প্রকাশকদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে আশা প্রকাশ করেন যে এবারের বইমেলা আগের চেয়ে আরও সফলভাবে আয়োজন করা সম্ভব হবে।