প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত জনসভার আগেই মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রধানমন্ত্রীকে একনজর দেখা ও তাঁর বক্তব্য শোনার জন্য সকাল থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জনসভাস্থলে জড়ো হন।
মঙ্গলবার দুপুরে মাঠে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। মাঠের ভেতরে জায়গা না পেয়ে অনেককে আশপাশের সড়ক ও সংলগ্ন এলাকায় অবস্থান নিতে দেখা যায়। নেতাকর্মীদের স্লোগান, মিছিল এবং মানুষের সরব উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
প্রধানমন্ত্রীর বিকেল সাড়ে ৩টায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাঁর আগমন ও জনসভাকে ঘিরে নগরজুড়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। রাজশাহীর উন্নয়ন, কর্মসংস্থান, শিল্পায়ন এবং নাগরিক সমস্যার সমাধান নিয়ে তিনি কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।