রিয়াদ ও মদিনা অঞ্চলে ৯ সেপ্টেম্বর ড্রোন হামলার পর সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িক বন্ধ হওয়ায় ইউরোপে তেল সরবরাহে নতুন চাপ তৈরি হয়েছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় ১০ সেপ্টেম্বর বন্ধের ঘোষণা দেয়। ইয়ানবু বন্দর থেকে ইউরোপে পাঠানোর কয়েকটি অপরিশোধিত তেলের চালান বাতিল বা পিছিয়েছে; অন্তত তিনটি ইউরোপীয় শোধনাগারের সেপ্টেম্বরের শেষের কিছু চালান নভেম্বর পর্যন্ত গড়াতে পারে।
প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল নেয় এবং হরমুজ প্রণালি এড়ানোর পথ দেয়। বন্ধের আগে এটি প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করছিল। বিকল্প সরবরাহ নিশ্চিত করতে পোল্যান্ডের রাষ্ট্রীয় তেল কোম্পানি অরলেন অক্টোবর পর্যন্ত নরওয়ে, যুক্তরাজ্য, আলজেরিয়া, কাজাখস্তান, আজারবাইজান ও আমেরিকা থেকে অতিরিক্ত ১৬টি চালান কিনেছে।
বিশ্লেষকেরা বলছেন, সৌদি আরবের মাঝারি, তুলনামূলক ভারী ও সালফারযুক্ত তেলের সরাসরি বিকল্প সব অপরিশোধিত তেল নয়। ব্রেন্টের দাম সম্প্রতি ব্যারেলপ্রতি ১১৩ ডলারের ওপরে উঠেছে। সৌদি আরব ১৬ সেপ্টেম্বর জানায়, কয়েক দিনের মধ্যে পাইপলাইনের অর্ধেক সক্ষমতা ফেরানো সম্ভব; তবে পুরো ব্যবস্থা স্বাভাবিক হতে ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে এবং নতুন হামলার ঝুঁকি রয়েছে।