সাত মাস বন্ধ থাকার পর ইরানের সঙ্গে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করেছে ইরাকের জাতীয় বিমান সংস্থা ইরাকি এয়ারওয়েজ। বৃহস্পতিবার নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে একটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়। গত মার্চের শুরুতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত শুরু হওয়ার পর এই রুটের ফ্লাইট বন্ধ ছিল।
ইরাকি এয়ারওয়েজ জানিয়েছে, প্রয়োজনীয় কারিগরি ও নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইরানের বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট চালু করা হয়েছে। গন্তব্যগুলোর মধ্যে রয়েছে তেহরান, মাশহাদ ও ইসফাহান। নাজাফ থেকে এসব শহরে প্রতিদিন ফ্লাইট চলাচল করবে বলে বিমান সংস্থাটি জানিয়েছে।
দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি আকাশপথ পুনরায় চালুর ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে রোববার ইরানের ক্যাস্পিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাগদাদ ও ওয়াশিংটনের আনুষ্ঠানিক সমঝোতার আওতায় নির্দিষ্ট ছাড় পাওয়ার পর ফ্লাইটটি পরিচালিত হয়। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পর ২৫ সেপ্টেম্বর নাজাফ ও ইরানের মধ্যে সব বিমান চলাচল স্থগিত হয়েছিল।