দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত বাছাই কমিটি। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত কমিটি মহামান্য রাষ্ট্রপতির কাছে চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রেরণ করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের আইনের ধারা ৮(১)-এর নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ধারা ৮(২)-এ উল্লিখিত ব্যক্তিরা অযোগ্য বিবেচিত হবেন। আবেদনপত্রে প্রার্থীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, চাকরি ও অভিজ্ঞতার বিবরণসহ স্বাক্ষর থাকতে হবে। সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও প্রাসঙ্গিক সনদপত্র জমা দিতে হবে।
জীবনবৃত্তান্ত বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র (গেট-৫) অথবা ভবন-১-এর কক্ষ ৯৩৫-এ জমা দেওয়া যাবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৩ জুলাই ২০২৬, সোমবার বিকেল ৪টা। যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।