ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
রুবিও তার পোস্টে বিএনপি, তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র নবনির্বাচিত সরকারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী, যাতে এই অঞ্চলের সমৃদ্ধি ও নিরাপত্তা অগ্রসর হয়। এর আগে একই দিন সকালে বাংলাদেশের মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানায়।
দূতাবাসের বার্তায় বলা হয়, সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানো হচ্ছে এবং দুই দেশের অভিন্ন সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।