চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা গ্রামের বেপারী বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনায় রিগান আক্তার মিম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার ডাকাতদের হামলায় আহত হন। মুখ বাঁধা দুই ব্যক্তি তাকে ও তার শিশুকে জিম্মি করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস দাবি করে। তারা তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং গয়না নিয়ে পাশের কক্ষে প্রবেশ করে, যেখানে পরে মিমকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেন। স্থানীয়রা ঘর ঘিরে মিমকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে আহাজারি করেন।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আলামত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয় এবং জানায়, ঘটনার তদন্তে একাধিক টিম কাজ করছে।