কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা গাছ কাটার মামলায় মিঠামইন উপজেলা বিএনপির স্থগিত সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় মামলা করেন। মামলার পর কেন্দ্রীয় বিএনপি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক সব পদ স্থগিত করে। প্রতিবেদনে বলা হয়েছে, নিজের বাড়িতে যাতায়াতের সুবিধার জন্য তিনি গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে প্রায় ২০টি গাছ কেটে ফেলেন, যা নদীভাঙন রোধে রোপণ করা হয়েছিল।
স্থানীয়রা জানান, সর্বশেষ ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ বৈদ্যুতিক করাত দিয়ে কেটে সরিয়ে নেওয়া হয়। প্রতিটি গাছের আনুমানিক মূল্য ছিল ২০ থেকে ২৫ হাজার টাকা।