বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পাওয়া একটি বিশাল ও তাৎপর্যপূর্ণ জনরায়। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে নির্বাচনের ফলাফল নিয়ে হতাশ বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সীমাহীন অনিয়ম ও দুর্নীতি সত্ত্বেও প্রায় ২ কোটি ৮৮ লাখ ভোটার এই জোটের প্রতি আস্থা রেখেছেন, যা জনগণের আস্থার প্রতিফলন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী অতীতের অনেক রেকর্ড ভেঙে দেশের অন্যতম বৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে মাত্র ২টি আসন থেকে আজ কোটি মানুষের সমর্থন অর্জন ঐতিহাসিক অগ্রযাত্রার সূচনা। তিনি উল্লেখ করেন, দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহি ও নীতিনিষ্ঠ রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।
তিনি দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করে আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জনের প্রস্তুতি নিতে হবে।