বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের যুদ্ধকবলিত রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলীয় কিয়াকতাও শহরে একটি বাজার এলাকার কাছে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। অঞ্চলটি নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মীর তথ্যের ভিত্তিতে সোমবার এ খবর জানিয়েছে রয়টার্স।
আরাকান আর্মির দাবি, মিয়ানমার সেনাবাহিনী কিয়াকতাওয়ের বাজার এলাকায় হামলাটি চালিয়েছে। ওই এলাকায় কাজ করা একটি দাতব্য প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় ত্রাণকর্মী ওয়েই হুন অং হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নদীর তীরবর্তী শহরটি মূল যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে এবং চলমান সংঘাতের সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক ছিল না।
রয়টার্স নিহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। হামলার বিষয়ে জানতে মিয়ানমার সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সরকার আগে বলেছে, বেসামরিক প্রাণহানি ও ক্ষতি এড়াতে সেনাবাহিনী সর্বোচ্চ সংযমের সঙ্গে অভিযান চালায়। আরাকান আর্মি ও ওয়েই হুন অংয়ের মতে, গত ডিসেম্বরে পশ্চিম রাখাইনের একটি হাসপাতালে হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার পর এটি রাজ্যটির সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলা।