বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ চেয়েছেন। শুক্রবার বাদ জুমা রাজধানীর দনিয়া কলেজ প্রাঙ্গণে বিকেএম ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী জোন আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। নাগরিক জীবনের দুর্ভোগের প্রতিবাদ, সমস্যা সমাধান এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি মানুষের দুর্ভোগের একক সমাধান নয়। জনগণ বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ এবং মৌলিক সমস্যার বাস্তবসম্মত সমাধান চায়। তার মতে, মৌলিক সমস্যা সমাধান ছাড়া উন্নয়নের প্রচার জনগণের অধিকার ও গণতন্ত্রের বিকল্প হতে পারে না।
মামুনুল হক ভোটাধিকার, জনগণের ম্যান্ডেট ও গণরায়কে সম্মান করার আহ্বান জানান। জুলাই সনদ বাস্তবায়নে তিনি কাঠামোগত ও কার্যকর সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভারসাম্য এবং জনগণের অধিকার নিশ্চিতের কথা বলেন। ভারতের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা ও জনগণের স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।