মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ৯ দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। রোববার একদিনেই বাতিল হয়েছে ২৬টি ফ্লাইট, তবে সীমিত আকারে ৩৬টি ফ্লাইট পরিচালিত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় এসব দেশের গন্তব্যে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাই দুবাই ও সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট।
ফ্লাইট বাতিলের কারণে হাজারো যাত্রী, বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীরা বিপাকে পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হবে।