কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী শনিবার ভেড়ামারায় নির্বাচনি পথসভায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেন। তিনি বলেন, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সাধারণ মানুষের জানমাল ও সম্মান রক্ষা করা হবে এবং কোনো আপস করা হবে না। আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।
রাগীব রউফ চৌধুরী বলেন, ধানের শীষ প্রতীক গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার প্রতীক। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বেকারত্ব ও নারী নির্যাতনের মতো গভীর সংকটে রয়েছে। সৎ নেতৃত্ব ও আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে এই পরিস্থিতি পরিবর্তন সম্ভব বলে তিনি মত দেন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেন।
বুলবুল আহমেদ বুলুর সভাপতিত্বে ও শিহাবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই পথসভায় স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন, যাদের মধ্যে ছিলেন অধ্যক্ষ আসলাম উদ্দিন, জানবার হোসেন ও অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম।