জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৬–২৭ অর্থবছরের জন্য ১৮৬ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব বাজেট পেয়েছে। এটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদিত মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেটের অংশ, যা ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত। গত ১১ জুন ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৫৮টি বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা।
ইউজিসি সূত্রে জানা যায়, মোট বাজেটের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা পরিচালন ব্যয় এবং ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে। জবির বরাদ্দ ইসলামী বিশ্ববিদ্যালয় (১৮৮ কোটি ৪০ লাখ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৮৬ কোটি ৬৬ লাখ) ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (১৮২ কোটি ৯২ লাখ) সমপর্যায়ে রয়েছে। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা।
গবেষণা কার্যক্রমে দ্বৈততা রোধে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট একীভূত করেছে। এতে ২০০ কোটি টাকা ইউজিসির গবেষণা খাতে স্থানান্তরিত হয়ে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা। বৈদেশিক স্কলারশিপ খাতে ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় মোট বরাদ্দ হয়েছে ২৩৮ কোটি টাকা।