বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে সাইপ্রাসকে পরাজিত করে ঐতিহাসিক জয় অর্জন করেছে। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিসকে আট ভোটে পরাজিত করেন। মোট ১৯০টি সদস্য রাষ্ট্র ভোট দেয়। ড. খলিলুর রহমান আগামী সেপ্টেম্বরে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
এই জয়ের মাধ্যমে ৪০ বছর পর বাংলাদেশ আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে অধিষ্ঠিত হলো। জাতিসংঘের আঞ্চলিক রোটেশন নীতি অনুযায়ী এই পদটি এশিয়া-প্যাসিফিক গ্রুপের জন্য নির্ধারিত ছিল। ভৌগোলিকভাবে ইউরোপে হলেও সাইপ্রাস এই গ্রুপের সদস্য। ফিলিস্তিন প্রথমে প্রার্থী হলেও মুসলিম দেশগুলোর ভোট বিভক্তি এড়াতে পরে সরে দাঁড়ায়। বাংলাদেশ ব্রাজিল, আলজেরিয়া, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, গাম্বিয়া ও লিবিয়ার সমর্থন পায়।
ড. খলিলুর রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জাতিসংঘ সনদ রক্ষায় ও ছোট প্রতিনিধিদলগুলোর সম্পৃক্ততায় কাজ করবেন।