রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২৬ তলা আহমেদ টাওয়ারের ২৩ তলায় শনিবার বিকেলে আগুন লাগে। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩৪ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। ভবনটি বনানীর এফ আর টাওয়ারের পাশে অবস্থিত। যে তলায় আগুন লাগে, সেখানে একটি বায়িং হাউজের অফিস রয়েছে।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, এসি অথবা কম্পিউটার সার্ভার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।