শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির জয়ের পর ফ্রান্সজুড়ে হাজারো সমর্থক রাস্তায় নেমে আসেন। উদযাপনের সময় সহিংসতা ছড়িয়ে পড়লে ফরাসি পুলিশ ৭৮০ জনকে গ্রেপ্তার করে। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, সংঘর্ষে ৫৭ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যাদের বেশিরভাগের আঘাত সামান্য। প্যারিসের একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টাও হয়, তবে রোববার দুপুরের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নুনেজ বলেন, প্যারিসের অধিকাংশ স্থানে উদযাপন শান্তিপূর্ণ ছিল, তবে চ্যাম্পস এলিসি ও পার্ক দেস প্রিন্সেসের আশপাশে সহিংসতা বেশি হয়। প্রায় ৪০ হাজার সমর্থক পার্ক দেস প্রিন্সেসে বড় পর্দায় খেলা দেখেন। রাতে প্যারিসের রিং রোডে যান চলাচল সচল রাখতে পুলিশকে পাঁচবার হস্তক্ষেপ করতে হয়। সহিংসতা ফ্রান্সের আরও ১৫টি শহরে ছড়িয়ে পড়ে, যার মধ্যে প্যারিস এলাকা থেকেই ৪৮০ জনকে আটক করা হয়।
সহিংসতার পরও রবিবার বিকেলে আইফেল টাওয়ারের কাছে চ্যাম্প দে মার্সে বিজয় উদযাপন অনুষ্ঠান যথাসময়ে অনুষ্ঠিত হয় এবং পরে পিএসজি দলকে এলিসি প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ সংবর্ধনা দেন।