রাজধানীর মগবাজার মোড়ে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণ ঐতিহাসিক গণরায় দিয়েছে, তাই সরকারকে তা শতভাগ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে গণরায় বাস্তবায়নে বাধ্য করা হবে বলে তিনি সতর্ক করেন।
‘সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসন’ দাবিতে ১১ দল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরণ হয়। কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সেলিম উদ্দিন অভিযোগ করেন, প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার তা উপেক্ষা করছে এবং ফ্যাসিবাদী মানসিকতায় গণরায় ছিনতাইয়ের চেষ্টা করছে।
তিনি বলেন, সচেতন জনগণ সরকারের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না এবং ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। পাশাপাশি সরকারকে সময় থাকতে ইতিবাচক ধারায় ফিরে আসার আহ্বান জানান।