আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ঘাটতি ও ঋণনির্ভর বলে সমালোচনা করেছে এবং বলেছে, এটি দেশের অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ফেলবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উত্থাপনের পর এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাজেটে বর্তমান অর্থনৈতিক সংকট ও অনিশ্চয়তা থেকে উত্তরণের কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই।
নেতারা বলেন, প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট বাস্তবতার চেয়ে কাগুজে উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। এতে কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর পরিকল্পনা নেই। কর বৃদ্ধি ও ঋণনির্ভর অর্থনীতি মূল্যস্ফীতি বাড়াবে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করবে এবং বেসরকারি বিনিয়োগ নিরুৎসাহিত করবে বলে তারা মন্তব্য করেন।
এবি পার্টি বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে উৎপাদনমুখী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন, ব্যয়সংকোচন ও সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে।