বাংলাদেশের ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) গ্রাহক কল্যাণ তহবিল গঠন, সংরক্ষণ ও ব্যবহারে নতুন বিধিমালা আনতে যাচ্ছে। ‘ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের গ্রাহক কল্যাণ তহবিল গঠন, সংরক্ষণ ও ব্যবহারসংক্রান্ত বিধিমালা-২০২৬’-এর খসড়া ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। আগামী অক্টোবরের এমআরএ বোর্ড সভায় বিধিমালাটি চূড়ান্ত অনুমোদন পেতে পারে। এর লক্ষ্য হলো তহবিলের জন্য যথেচ্ছ অর্থ আদায় এবং গ্রাহকের কল্যাণের বাইরে অর্থ ব্যবহারের অভিযোগ ঠেকানো।
খসড়া অনুযায়ী, বিতরণকৃত ঋণের বিপরীতে সর্বোচ্চ ০.৬ শতাংশ অর্থ নিয়ে তহবিল গঠন করা যাবে; বর্তমানে কিছু প্রতিষ্ঠান এক থেকে দুই শতাংশ আদায় করে। তহবিলের অর্থ প্রতিষ্ঠানের সাধারণ জমা থেকে আলাদাভাবে হিসাবায়ন ও সংরক্ষণ করতে হবে। ঋণ নেওয়ার সময় গ্রাহককে তহবিলের পরিমাণ, উদ্দেশ্য ও সুবিধা লিখিতভাবে জানানো বাধ্যতামূলক করা হচ্ছে। মৃত্যু, গুরুতর আঘাত, জটিল রোগ বা বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান-সংক্রান্ত দাবিতে এ অর্থ ব্যবহার করা যাবে।
ঋণগ্রহীতা বা নির্ধারিত পরিবারের উপার্জনকারীর মৃত্যু হলে সার্ভিস চার্জ ছাড়া বকেয়া মূল ঋণ মওকুফ করতে হবে এবং পরে সুদ বা চার্জ দাবি করা যাবে না। মৃত গ্রাহকের ফেরতযোগ্য সঞ্চয় মুনাফাসহ ৩০ কার্যদিবসের মধ্যে উপযুক্ত উত্তরসূরিকে দিতে হবে। তহবিলের তথ্য আলাদাভাবে আর্থিক প্রতিবেদনে প্রকাশ এবং বছরে নিবন্ধিত বহির্নিরীক্ষকের মাধ্যমে নিরীক্ষা বাধ্যতামূলক হবে। আত্মসাৎ, অপব্যবহার বা অনিয়মে আইন ও এমআরএর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।