সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিপুল বৈদেশিক ঋণ, অর্থ পাচার ও অসমাপ্ত মেগা প্রকল্পের চাপের মধ্য দিয়েই বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। সোমবার দুপুরে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং ২০ লাখ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে। তিনি বলেন, ১৬টি মেগা প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও অনেক কাজ শেষ হয়নি, কোথাও ঠিকাদার কাজ ফেলে পালিয়েছে, কোথাও প্রকল্প বন্ধ হয়ে আছে, ফলে উন্নয়ন কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের কারণে আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। যারা আগে বড় প্রকল্পে সহযোগিতা করত, তারাও এখন অনীহা প্রকাশ করছে।