তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার মধ্যে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত এবং শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যূনতম মজুরি নির্ধারণ, দ্রুত মজুরি বোর্ডের কার্যক্রম শুরু এবং শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ঢাকা, সাভার, মিরপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে প্রায় দুই সপ্তাহ ধরে শ্রমিকদের আন্দোলন চলছে। আন্দোলনের কারণে ঢাকা, গাজীপুর ও আশুলিয়ায় অন্তত ৬৭৯টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে বলে দাবি করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ২০২৩ সাল থেকে ১২ হাজার ৫০০ টাকায় থাকা ন্যূনতম মজুরিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে বলেও উল্লেখ করা হয়।
শ্রমিকদের দাবি আলোচনার মাধ্যমে সমাধানের বদলে সরকার দমন-পীড়নের পথ নিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রশিবির। মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে কার্যকর সংলাপের আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, ব্যস্ত মৌসুমে উৎপাদন ব্যাহত হলে রপ্তানি আয় ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তারা গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং মজুরি বোর্ডের প্রথম সভা অবিলম্বে আহ্বানের দাবি জানিয়েছে।