অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জিয়াউল আহসান রাষ্ট্রের দেওয়া অস্ত্র, ক্ষমতা ও বাহিনীর সদস্যদের দেশের মানুষ হত্যার কাজে ব্যবহার করেছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তৃতীয় দিনের যুক্তিতর্ক শুরুর সময় তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক শুরু হয়। প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। কাজল বলেন, রাষ্ট্রীয় অস্ত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কারও জীবন কেড়ে নেওয়ার জন্য নয়।
অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-খুনের ঘটনাগুলো মানুষের জীবনে আঘাত হেনেছে এবং জনমনে আতঙ্ক ছড়িয়েছে। তাঁর মতে, এ বিচার শুধু বাংলাদেশের নয়, সমগ্র মানবতার পক্ষে জবাবদিহির দাবি। ন্যায়বিচারের মাধ্যমে জিয়াউল আহসানের মতো অপরাধীদের জন্য শক্ত বার্তা যাবে বলেও তিনি মন্তব্য করেন।