দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া আবগারি নীতি বা লিকার পলিসি দুর্নীতি মামলায় বড় ধরনের আইনি স্বস্তি পেয়েছেন। শুক্রবার দিল্লির একটি আদালত সিবিআইয়ের দাখিল করা চার্জশিট গ্রহণে অস্বীকৃতি জানিয়ে তাদের মামলা থেকে অব্যাহতি দেয়। কেজরিওয়াল ও সিসোদিয়ার পাশাপাশি তেলেঙ্গানার সাবেক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাসহ আরও ২১ জনকে ক্লিনচিট দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছে, তারা অবিলম্বে দিল্লি হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। শুনানির সময় বিশেষ বিচারক জিতেন্দ্র সিং সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ নেই এবং সিসোদিয়ার বিরুদ্ধেও প্রাথমিক মামলা গঠনের মতো উপাদান পাওয়া যায়নি। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, চার্জশিটে অসংগতি ও ত্রুটি রয়েছে এবং অভিযোগগুলো আইনের শাসনের সঙ্গে অসংগতিপূর্ণ।
রায় ঘোষণার পর রাউস অ্যাভিনিউ কোর্টের বাইরে কেজরিওয়াল আবেগপ্রবণ হয়ে বলেন, আদালত প্রমাণ করেছে তিনি ও সিসোদিয়া সৎ এবং আম আদমি পার্টি একটি ‘কট্টর ইমানদার’ দল।