বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অতীতে যারা জামায়াতে ইসলামীকে নির্মূল করতে চেয়েছিল, তারাই শেষ পর্যন্ত নির্মূল হয়েছে বা দেশ ছেড়ে পালিয়েছে। শনিবার রাতে ঢাকার সবুজবাগ-মুগদা জোনের উদ্যোগে আয়োজিত সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখন বা ভবিষ্যতে যারা জামায়াত নির্মূলের চেষ্টা করবে, তারাও একই পরিণতির শিকার হবে। তিনি অভিযোগ করেন, বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে বোঝা যাচ্ছে, বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে।
অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং ঢাকা দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বক্তব্য রাখেন। তারা বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও সুশৃঙ্খল সংগঠন, যা জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ভূমিকা পালন করছে। আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই জামায়াতের জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে তাকে নির্মূলের টার্গেট করছে।
বক্তারা আরও অভিযোগ করেন, সরকার ও বিএনপি গণরায় উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে এগোচ্ছে, তবে জামায়াতে ইসলামী গণমানুষের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবে।