বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণতন্ত্রে উত্তরণে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনে সংবাদপত্র সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন। সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, জামায়াত কার্যকর ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদকে কার্যকর রাখতে চায়।
তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী দলটি সরকারকে সহযোগিতা করছে, তবে প্রশ্ন রাখেন, ‘হাও ফার, হাও লং?’ তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণকে একটি প্রতিবাদ হিসেবে উল্লেখ করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারকে ভালো কাজে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কাজে গঠনমূলক ও নিয়মতান্ত্রিক প্রতিবাদ—এই নীতিতেই দলটি রয়েছে।
মতবিনিময়ে রাজনৈতিক পরিস্থিতি, ভূরাজনীতি, প্রতিবেশী সম্পর্ক, বিদ্যুৎ-গ্যাস সংকট, দ্রব্যমূল্য, প্রবাসীদের অধিকার এবং সংসদে বিরোধী এমপিদের প্রতি বৈষম্যের অভিযোগ নিয়ে আলোচনা হয়। পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য ও জামায়াত কোনো ছাড় দেবে না। তিনি জানান, আগামী মাসের ৫ তারিখ সকাল ৭টায় শাপলা চত্বর থেকে চট্টগ্রামমুখী লং মার্চের গাড়িবহর যাত্রা করবে।