ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের অভিজ্ঞতা ভুলে যায়নি এবং ভবিষ্যতেও ভুলবে না। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এ কথা বলেন। বাঘাই আলোচনায় মধ্যস্থতার ভূমিকার জন্য পাকিস্তানের প্রশংসা করেন।
তিনি বলেন, গত বছরের জুন ও এ বছরের ২৮ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের বিরুদ্ধে হামলার ঘটনা ইরান ভুলবে না। আলোচনায় ইরানি প্রতিনিধিরা দেশের অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বশক্তি, অভিজ্ঞতা ও জ্ঞান প্রয়োগ করেছেন। তিনি আরও বলেন, ইরানি জনগণের শোক তাদের জাতীয় স্বার্থ রক্ষার সংকল্পকে আরও দৃঢ় করেছে।
বাঘাই জোর দিয়ে বলেন, ইরানের ঐতিহাসিক দায়িত্ব পালনে কোনো বাধা মেনে নেওয়া হবে না। ইসলামিক প্রজাতন্ত্র কূটনীতিসহ সব উপায়ে জাতীয় স্বার্থ ও দেশের কল্যাণ রক্ষায় অটল থাকবে।